স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০/০৯/২০২৬ ইং তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (সাধারণ শাখা) থেকে সার ডিলার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতার ৭ নং কলামে স্পষ্ট উল্লেখ আছে যে, আবেদনকারীকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও চলাচলে সক্ষম ব্যক্তি হতে হবে।
কিন্তু অভিযোগকারীর দাবি, এই শর্ত লঙ্ঘন করে হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের নগর ওয়ারেন্টের বাসিন্দা মোঃ মিজানুর রহমান হিমেল, পিতা- মৃত. ফজলুল হক-কে ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অভিযোগে বলা হয়, উক্ত ব্যক্তি একজন শারীরিক প্রতিবন্ধী, যা ২০২৬ সনের সার ডিলার নিয়োগের নীতিমালার সাথে সাংঘর্ষিক।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ বকুল মিয়া, পিতা- মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম- হেলেনা, ২নং সিদলা ইউনিয়ন, হোসেনপুর। তিনি একজন সার ডিলার নিয়োগের আবেদনকারী। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, উক্ত ব্যক্তি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর এবং হোসেনপুর সমাজসেবা অফিস থেকে দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে আসছেন, যার স্বপক্ষে কাগজপত্রাদি অভিযোগ পত্রের সাথে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী তার অভিযোগে বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি কীভাবে সার ডিলারের মতো গুরুত্বপূর্ণ ও পরিশ্রমসাধ্য কাজে নিয়োগ পান, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদের সেবা নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সুস্থ ও সক্ষম ব্যক্তিকে নিয়োগ দেওয়া জরুরি।
তিনি এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের অনুলিপি উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদস্য সচিব, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর এবং উপজেলা কৃষি কর্মকর্তা, হোসেনপুর বরাবর প্রেরণ করা হয়েছে।
এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।