নিজস্ব প্রতিবেদক:
"শিশুবিয়ে আর নিয়-কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি ও চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। এতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন— "কন্যা শিশুরা কোনো সমাজের বোঝা নয়, বরং আগামী দিনের সুযোগ ও সম্ভাবনার চাবিকাঠি। তাদের উপযুক্ত শিক্ষা, সঠিক পুষ্টি এবং নিরাপদ পরিবেশ দিতে পারলে তারা দেশ ও সমাজ গঠনে অভাবনীয় ভূমিকা রাখবে। বর্তমান সরকার কন্যা শিশুদের শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রদানসহ নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।"
তিনি আরও যোগ করেন, পরিবার ও সমাজে ছেলে এবং কন্যা শিশুর মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করে কন্যা শিশুদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ সৃষ্টি করে দেওয়া সবার নৈতিক দায়িত্ব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস বলেন, কন্যা শিশুদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তার বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিটি কন্যা শিশুকে সুরক্ষিত রাখতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে কন্যা শিশুদের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়।
এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।