সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য ও পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা, সরকার কর্তৃক অননুমোদিত কোম্পানির ওষুধ বিক্রি করা এবং গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে গোবিন্দপুর বাজারের দুইজন ব্যবসায়ীকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ১৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির এবং হোসেনপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই মৎস্য ও পশু খাদ্য বিক্রি এবং সরকারের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ খামারিদের কাছে বিক্রি করে আসছিলেন, যা গবাদি পশু ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির বলেন-খামারিদের স্বার্থ রক্ষায় এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ গবাদি পশুর জন্য ক্ষতিকর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।