কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির রিয়াদের বানবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সৌদি আরবের রিয়াদের বানবান শহরের আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে পানির ট্যাংকার ও চাপড়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চাপড়া গাড়িতে থাকা কামরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার এলাকার বড় ভাই সৌদি প্রবাসী বিল্লাল মিয়া মোবাইল ফোনে বাড়িতে মৃত্যু সংবাদটি জানান।
নিহতের বাবা জয়নাল আবেদীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। কোনো দিন ভাবিনি ছেলের মৃত্যুর খবর শুনতে হবে। এক বছর আগে ছুটিতে বাড়িতে এসেছে ছেলেকে বিয়ে করিয়েছিলাম। এখন ছেলের বউকে কী সান্ত্বনা দেব? বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছে সে। এখন সেই ঘরে কে থাকবে? আমার দুই ছেলে ও এক মেয়ে।
কামরুলের স্ত্রী খাদিজা আক্তার আখি বলেন, আল্লাহ আমাকে কী কঠিন পরীক্ষায় ফেললেন! গত বছর আগে তিন মাসের ছুটিতে বাড়িতে এসে আমাকে বিয়ে করেছিল সে। আজ সকালে স্বামীর মৃত্যুর খবর শুনতে হলো। আমি আমার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানাই।
পরিবারের একমাত্র স্বপ্ন ছিল কামরুলের উপার্জনে ফিরবে সংসারের সচ্ছলতা। কিন্তু তাঁর অকালমৃত্যুতে সেই স্বপ্ন ভেঙে গেছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।