নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য খাতের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) হাসপাতাল চত্বরে হুট করে তাঁর এই উপস্থিতি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্টাফ ও সংশ্লিষ্ট মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
আকস্মিক এই পরিদর্শনের সময় সংসদ সদস্য হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ এবং বহির্বিভাগ (আউটডোর) ঘুরে দেখেন। এ সময় বিছানায় শুয়ে থাকা সাধারণ রোগীদের কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং হাসপাতালে প্রদত্ত চিকিৎসা সেবার মান সম্পর্কে সরাসরি জানতে চান।
চিকিৎসকদের সময়মতো উপস্থিতি, হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সিজারিয়ান অপারেশন, অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ রুম, নতুন কেবিন, ডায়রিয়া ও ডেঙ্গু ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এবং সার্বিক প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
সরকারি ওষুধ বিতরণে অনিয়ম রোধ এবং রোগীদের বিনামূল্যে তা প্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, হাসপাতালের ভেতরের ও বাইরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
দীর্ঘদিন পর এই জনপদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এলাকার স্বাস্থ্যসেবা খাতসহ সার্বিক উন্নয়নে নানামুখী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর এই আকস্মিক পরিদর্শনের ফলে সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষ আশা করছেন, বর্তমান সংসদ সদস্যের এমন তদারকি অব্যাহত থাকলে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার মানুষের আস্থার প্রকৃত প্রতীকে পরিণত হবে।