সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, হোসেনপুরের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন - কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন প্রমুখ।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবসটি যথাযথভাবে পালনের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন দিবসটির গুরুত্ব তুলে ধরে যথাযথ প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে জাতীয় দিবসটি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতীয় দিবসগুলো দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা ধারণের পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।