সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ" এই প্রতিবাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য যুব র্যালিতে অংশগ্রহণকারীরা "দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ "স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল, দক্ষ ও কর্মমুখী হওয়ার আহ্বান জানান। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সভায় যুবসমাজের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির শিহাব, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন সহ অনেকেই।
বক্তারা বলেন, যুবসমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষতা অর্জন, সৃজনশীলতা ও কর্মমুখী উদ্যোগের বিকল্প নেই। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্যও তরুণদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব ঋণের চেক বিতরণ। আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করতে উপযুক্ত যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগ গ্রহণ এবং নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে আরও বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সহায়তা গ্রহণ করে তরুণরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এজন্য যুবসমাজকে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, উদ্যোক্তা হওয়ার আগ্রহ এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।