নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর মনোনীত হয়েছেন ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ আজিজুল হক।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ৪, নভেম্বর ২০২৬ ১০:৪৫ পিএম জামায়াতের জেলা ও মহানগরী আমীরের নাম ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার আমীর নির্বাচিত হয়েছেন হয়বত নগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল হক। ইতিপূর্বে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীরসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা মোঃ আজিজুল হক বলেন, "সংগঠন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যেন সঠিকভাবে পালন করতে পারি সে জন্য মহান আল্লাহর সাহায্য এবং কিশোরগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতা ও নেতাকর্মীদের সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
এদিকে, মাওলানা মোঃ আজিজুল হক কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর মনোনীত হওয়ায় স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।