নিজস্ব প্রতিনিধি:
গতকাল রবিবার (১১ অক্টোবর) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (CHCP) অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুশফিকুর রহমান রাজিব। আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফারজানা জামান পুনম এবং মেডিকেল অফিসার (আইসিটি) ডাঃ প্রবাল সরকার।
সভায় সম্মানিত সভাপতি মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ কর্মপরিধিতে দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রম সচল রাখা, প্রতিদিন নির্ধারিত সময়ে কমিউনিটি ক্লিনিক খোলা রাখা এবং জনগণের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।
গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের অভিভাবকদের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক শিক্ষা এবং হাম, ডেঙ্গু সহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে নির্দেশ দেয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কমিউনিটি গ্রুপের সভা আয়োজন করা প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
কমিউনিটি পর্যায়ে ক্যাঙ্গারু মাদার কেয়ার কার্যক্রম সম্প্রসারণ, ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত নবজাতকের (জন্ম ওজন ২৫০০ গ্রামের কম) ক্ষেত্রে সামাজিক ভাবে এই সেবার আওতা বাড়ানো সম্পর্কে আলোচনা করা হয়। পেডিয়াট্রিক নন-কমিউনিকেবল ডিজিজ (PNCD) রোগের প্রাথমিক শনাক্তকরণ বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের যথাযথ স্বাস্থ্যকেন্দ্রে রেফারেল নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়।
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, নিয়মিত তদারকি এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিক নির্দেশনা প্রদান করা হয়।
পরিশেষে, সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি পর্যায়ে মানসম্মত, সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।