নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টায় সুখিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম হস্তান্তর করা হয়। সুখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতৃবৃন্দ।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ এবং সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীমের নিকট থেকে ফরমটি গ্রহণ করেন সুখিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান এবং আলাউদ্দিন মেম্বার।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে যুবদল নেতা রনি, ছাত্রনেতা লিয়ন, সাদ্দাম মিয়া, নাজমুল মিয়া, মোহাম্মদ মিয়া ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখযোগ্য।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।