সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম এরশাদের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের লাকুয়াটি আলীম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদির বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম এরশাদ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নূরে আলম এরশাদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি নির্বাচিত হলে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান পল্টু, ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন আব্দুল আউয়াল, মাহিনুর, সাত্তার, অসীম, আকাশ, নাঈম ও ছাত্রনেতা বুরহানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধান এবং জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।