সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬নং পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন সাবেক সফল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাঞ্চন মিয়া। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের চরপুমদী বাজার এলাকায় স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ কাঞ্চন মিয়া বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এর আগেও আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতার দাপটে অল্প কিছু ভোটের ব্যবধান দেখিয়ে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে আমি মনে করি। সেই অভিজ্ঞতা থেকেই এবারও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার দল বিএনপি যদি আমাকে সমর্থন দেয় এবং দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়, তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। নির্বাচিত হতে পারলে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের সেবা করে যেতে চাই।’
তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।
এ সময় তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পুমদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই ধারাবাহিকতায় কাঞ্চন মিয়ার এই গণসংযোগ এলাকায় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে দলীয় সমর্থন ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।