নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন সীমান্ত আর সেনানিবাসে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন শেষে এবার নিজের জন্মভূমির মানুষের ভাগ্যোন্নয়নে মাঠে নেমেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুল করিম। আসন্ন ৮নং হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দী বাজারে তাঁর নির্বাচনী অফিস উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেনাবাহিনীর শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক নতুন বার্তা নিয়ে মাগরিবের নামাজের পর থেকেই বাজারের ওই প্রাঙ্গণ প্রবীণ-নবীন এলাকাবাসীর উপচে পড়া উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
কোরআন তেলাওয়াত ও সাবলীল আমেজ
মো. রেজুয়ানুল হকের প্রাঞ্জল ও সাবলীল উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন হোসেন্দী বাজার বণিক সমিতির সভাপতি মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান শাহীন, ব্যবসায়ী নজরুল ইসলাম, প্রতিবেশী দুলু মৌলভী, হোসেন্দী বাজার মসজিদের সম্মানিত ইমাম আহসানুল কবির ও মোয়াজ্জিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
"কথা না রাখলে সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইবেন" প্রথাগত রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে এক অনন্য ও ব্যতিক্রমী বার্তা দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি জীবনের দীর্ঘ সময় দেশের জন্য, দেশের পতাকার জন্য কাজ করেছি। এখন আমার একমাত্র লক্ষ্য নিজের গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।"
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "আমি কোনো ফাঁকা বুলি দেব না। ওয়াদা করছি, লিফলেটে উল্লেখিত কাজগুলো যদি আমি করতে না পারি, তবে আপনারা যেকোনো সময় আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, জবাবদিহি চাইবেন। আমি সততা ও সামরিক শৃঙ্খলার সাথে এলাকাকে এগিয়ে নিতে চাই।"
বক্তব্য শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে মো. আব্দুল করিম সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও হোসেন্দী ইউনিয়নের সার্বিক মঙ্গল এবং প্রার্থীর সাফল্য কামনায় এক ভাবগম্ভীর পরিবেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।