নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ ধাপে এই নির্বাচন চলবে আগামী ২৭ মে পর্যন্ত। দেশের ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন আয়োজনের এই বিশাল কর্মযজ্ঞে প্রথম ধাপে ১ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ইসি সূত্র জানিয়েছে, আগামী ১০ অথবা ১৩ ডিসেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা নিজ নিজ এলাকার তফসিল ঘোষণা করবেন। ভোট গ্রহণের ৪০ থেকে ৪৫ দিন পূর্বে এই তফসিল ঘোষণা করা হবে। এর আগে চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন উপযোগী ইউপির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
পাঁচ ধাপে ইউপি নির্বাচনের যে রোডম্যাপ ইসি ঘোষণা করেছে, তা হলো—
প্রথম ধাপ: ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ: ১৩ মে, পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোট নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১ হাজারেরও বেশি ইউপিতে ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সদর উপজেলা এবং যেসকল ইউপিতে আদালতের নির্দেশনা রয়েছে, সেগুলোকে প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যদিকে, ভৌগোলিক অবস্থান বিবেচনায় নদীবেষ্টিত ও উপকূলীয় উপজেলার ইউপিগুলোতে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সে অনুযায়ী নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে দলগুলোর সাথে সংলাপে বসার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচনের উপযোগী হবে।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে যেসব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তা হলো— মোট ভোটকেন্দ্র: ৪৬ হাজার ৩৯৭টি (যার মধ্যে স্থায়ী ৪৫,৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি), মোট ভোটকক্ষ: ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি (স্থায়ী ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩,৫৮০টি) এবং মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।