সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান তালুকদারের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ৩নং গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শামছুর রহমানের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোসেনপুর উপজেলা শাখার আমীর মো. আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে হোসেনপুর উপজেলা জামায়াতের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মো. আরফান হোসেন বাবর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার বলেন, “গোবিন্দপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি জনগণের শাসক নয়, সেবক হয়ে আজীবন সুখে-দুঃখে পাশে থাকতে চাই।” এছাড়াও তিনি ইউনিয়নবাসীর নিকট দোয়া, আন্তরিক সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত নেতৃবৃন্দ বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শিক দিক দিয়ে আনিছুর রহমান তালুকদার একজন যোগ্য ও নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। গোবিন্দপুর ইউনিয়নের সার্বিক অগ্রযাত্রায় তার মতো জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি মো. কামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল গাফফার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ সহ ও এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাটি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সাধারণ জনগণ আনিছুর রহমান তালুকদারের উন্নয়নমুখী চিন্তা-চেতনার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ কর্মচেষ্টার মাধ্যমে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।