নিজস্ব সংবাদদাতা:
আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুখিয়া ইউনিয়নে নির্বাচনী উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৫ অক্টোবর) ১০ নং সুখিয়া ইউনিয়নের হরশী বাজারে পঞ্চগ্রামের উদ্যোগে তিন চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ কাজল, মোস্তফা কামাল মামুন ও মাহমুদুল হাসান মাসুদ এর চা এবং মুড়ির আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রাত ৮টায় আড্ডাটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বেই নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
চা ও মূড়ি আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ কাজল, মোস্তফা কামাল মামুন ও মাহমুদুল হাসান মাসুদ তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভাবনার কথা তুলে ধরে বলেন, “আমরা এই ইউনিয়নের সন্তান। এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা নির্বাচিত হলে এ ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
তাঁরা আরও বলেন, সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভাতা স্বচ্ছতার সাথে বণ্টন করার বিষয়ে তাঁরা সততার সাথে দায়িত্ব পালন করবেন।
আড্ডায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং যুব নেতারা উপস্থিত ছিলেন।